২০২৪ সালের জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও শাবিপ্রবির সাবেক অধ্যাপক জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ সকালে এই মামলার গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ বিষয়ে প্রসিকিউটর মইনুল করিম বলেন, পাঁচ আসামির বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠিকানায় খুঁজে পায়নি। এর পরিপ্রেক্ষিতেই আসামিদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যান্য নেতাকর্মী তৎপর ছিলেন।
অভিযোগে আরও বলা হয়, ১৩ জুলাই আসামি জামাল উদ্দিন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি ও মুখপাত্র হিসেবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ‘রাজাকারের বংশধর’, ‘পরাজিত অপশক্তি’, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী’ ট্যাগ দিয়ে তাদের দমনে বল প্রয়োগের উসকানি ও প্ররোচনা দেন। জামাল উদ্দিন আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী’ আখ্যা দিয়ে ‘সমূলে উৎপাটন করে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার’ ঘোষণা দেন। অপরদিকে সাবেক বিচারপতি মানিক বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দমনের লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে ‘পাকিস্তানপন্থী’ এবং ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দিয়ে উসকানি ও প্ররোচনা প্রদান করেন।
অভিযোগের বিবরণীতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের ‘রাজাকার’ ট্যাগ দিয়ে জাফর ইকবাল লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।’


























