রাজধানীতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ ডিপো এলাকায় অবস্থিত মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে এসব চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষরিত চারটি প্যাকেজের আওতায় যেসব কাজ সম্পাদিত হবে, তার মধ্যে রয়েছে এমআরটি লাইন-১ (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০২) এর আওতায় ডিপোর জন্য ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড, অপারেশন ম্যানেজমেন্ট সেন্টারসহ ৪৯টি আধুনিক স্থাপনা নির্মাণ। এই পূর্ত ও ভবন নির্মাণকাজের জন্য ‘SINOHYDRO-SEBCL JV’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এমআরটি লাইন-১ (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৭) এর মাধ্যমে পাতাল পথ থেকে উড়াল পথের ট্রানজিশন পয়েন্ট হয়ে বালু নদীর শুরু পর্যন্ত ৫.০০৭ কিলোমিটার ভায়াডাক্ট এবং জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুল—এই তিনটি এলিভেটেড স্টেশন নির্মাণ করা হবে। এই ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের চুক্তিটি সই হয়েছে ‘CREC-MIL-MBEC JV’-এর সঙ্গে।
এমআরটি লাইন-৫, নর্দার্ন রুট (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০২) এর অধীনে ডিপোর জন্য প্রশাসনিক ভবন (OCC, DCC), স্ট্যাবলিং ইয়ার্ড, ওয়ারহাউজ এবং ওয়ার্কশপ শেডসহ অন্যান্য পূর্তকাজ সম্পন্ন করা হবে। কাজটির জন্য ‘CPC-HANIL JV’-এর সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।
অন্যদিকে, এমআরটি লাইন-৫, নর্দার্ন রুট (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৩) এর আওতায় হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুনবাজার থেকে ভাটারা পর্যন্ত মোট ৬.৫০ কিলোমিটার এলিভেটেড রেলওয়ে লাইন ও হেমায়েতপুর, বালিয়াপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারা—এই পাঁচটি এলিভেটেড স্টেশন নির্মাণ করা হবে। এই চুক্তির কাজ পাবে ‘CREC-MIL-MBEC JV’।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলম এবং পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ বক্তব্য দেন। এ সময় জাপান দূতাবাস, জাইকা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠান এবং চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















