নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রমে পুলিশি নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির জন্য সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে দুইজন অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা এই কমিটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির আইন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি (Electoral Enquiry and Adjudication Committee) দায়িত্ব পালনকালে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর দুইজন অস্ত্রধারী সদস্য নিয়োগ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া কোনো অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম পরিচালনার সময় কমিটির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের ব্যবস্থাও নিতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৯১কক (২) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, স্থানীয় থানার অফিসার ইনচার্জ কিংবা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি কার্যকর রাখতে অনুসন্ধান ও বিচারিক কমিটিগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইসি।
















