জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে দুদকের কাছে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে অনুসন্ধান শেষে সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছিল। সাবেক এই বাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দেশে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ইতিপূর্বে তাদের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। গ্রেপ্তারকৃত সাবেক এই কর্মকর্তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


























