প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদীর চর। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরজুড়ে ফুটে থাকা ধবধবে সাদা কাশফুল শরতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই মায়াবী রূপ উপভোগ করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।
স্থানীয়রা জানান, করতোয়ার ‘জাতের ঘাট’ এলাকায় গেলেই চোখে পড়ে সারি সারি কাশফুলের সমারোহ। শরতের মেঘমুক্ত নীল আকাশ আর পড়ন্ত বিকেলের সোনাঝরা রোদে সাদা কাশফুলের এই মেলা এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। হালকা বাতাসে যখন কাশবন দুলতে থাকে, তখন তৈরি হয় এক মনোরম পরিবেশ। নদীর পাড়ের শান্ত হাওয়া আর দিগন্তজোড়া সাদা চাদর মোড়ানো চরটি বিকেলের সময় কাটানোর আদর্শ স্থানে পরিণত হয়েছে।
কাশবনে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, প্রকৃতির এই নিজস্ব রূপ দেখতে এসে শৈশবের স্মৃতি রোমন্থন করার সুযোগ মিলছে। বিকেলের দিকে দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কেউ ক্যামেরাবন্দী করছেন মুহূর্তগুলো, কেউ আবার নদীর পাড়ে বসে উপভোগ করছেন শরতের নির্মল হাওয়া। দর্শনার্থীদের কেন্দ্র করে সেখানে ছোটখাটো চায়ের দোকান ও অস্থায়ী বসার ব্যবস্থাও গড়ে উঠেছে।


























