বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যের ওপর প্রতি টনে সর্বোচ্চ ৪৪৫ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন শুল্ক কার্যকর করা হয়েছে, যার আওতায় রয়েছে পাটের সুতা, টুইন, পাটের বস্তা এবং হেসিয়ান কাপড়।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজ (ডিজিটিআর)-এর মধ্যমেয়াদি পর্যালোচনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ভারতীয় জুট মিলস অ্যাসোসিয়েশন এবং এপি মেস্তা টুইন মিলস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানিকারকেরা ভারতে পাটপণ্য ডাম্পিং করছেন কি না, তা খতিয়ে দেখতে পর্যালোচনা শুরু হয়।
সর্বশেষ ২৪ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশের ৩৬টি পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিভিন্ন হারে এই শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে ভারতের বাজারে বাংলাদেশি পাটপণ্যের রপ্তানি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























