দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ৮৩১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ২৫৯ জন, ময়মনসিংহে ৯২ জন, রাজশাহীতে ১৮৫ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। আর এই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪২৭ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

























