জাতিসংঘ মিশন আনমিসে যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন ফোর্স মেরিন ইউনিট–১১ এর সদস্যরা
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালনে বাংলাদেশ নৌবাহিনীর আরও ৭১ সদস্য দেশ ত্যাগ করেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর আরও একটি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)-এর অধীনে বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১১ এ যোগ দিতে নৌবাহিনীর ৭১ জন সদস্য যাত্রা করেন।
এই দলটি বর্তমানে দায়িত্ব পালনরত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১০–এর স্থলাভিষিক্ত হিসেবে দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের দায়িত্ব গ্রহণ করবে। এর আগে গত ৯ ডিসেম্বর প্রথম ধাপে ৯৯ জন নৌসদস্য দক্ষিণ সুদানে পৌঁছে মিশনে যোগ দেন।
জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরেই দক্ষিণ সুদানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা বহনকারী বার্জের নিরাপদ চলাচল নিশ্চিত করা, নৌপথে জলদস্যুতা প্রতিরোধ ও নজরদারি, পাশাপাশি অগ্নিনির্বাপণ কার্যক্রমে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান এই ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ।
এ ছাড়া বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের জন্য দুর্গম অঞ্চলে প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার কাজও নিয়মিতভাবে করে যাচ্ছে নৌবাহিনীর এই ইউনিট।
উল্লেখযোগ্যভাবে, তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। আহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসা সহায়তা এবং ডুবুরি কার্যক্রমেও নৌবাহিনীর ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে উপমহাদেশের একমাত্র মেরিটাইম টাস্কফোর্স সদস্য হিসেবে বর্তমানে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’। এছাড়া নীল নদের দীর্ঘ এক হাজার ৩১১ কিলোমিটার নৌপথ অতিক্রম করে এ পর্যন্ত ৭১টি লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
















