দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস করেছে। ফলে এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা দেওয়া হয়, যা রোববার সকাল থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুসারে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিকোবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
তবে স্বর্ণের বাজারে মন্দাভাব থাকলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বাজুসের পূর্ব নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২ হাজার ৩৯১ টাকাতেই বিক্রি হচ্ছে।


























