দেশের তরুণ সমাজের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে জাতীয় প্রতিযোগিতায় বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। দেশের তরুণদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও জোরালোভাবে তুলে ধরার জন্য এই বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি।
শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত ‘বাংলাদেশ ইউথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এই কথা বলেন। ‘ফিউচার বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও বৈশ্বিক নানা নীতি নিয়ে তর্কে অংশ নিচ্ছেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মেধাবিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াকে সমান গুরুত্ব দিয়ে দেশজুড়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে। গণিত ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক, কুইজসহ সকল ধরনের মেধাবিকাশমূলক আয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এদের মাঝ থেকেই আগামী দিনের দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে।






















