কিরগিজস্তানে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার বৃত্তি বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমন্বিত সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠকের ফাঁকে দেশটির তিন মন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্য উপমন্ত্রী মেদের তুমানভের সঙ্গে বৈঠকে তুলা, বস্ত্র, তৈরি পোশাক ও ওষুধ খাতে পারস্পরিক বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং নিয়মিত বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ইউরেশীয় ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের ক্ষেত্রে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা কাজে লাগানো, দ্বৈত কর পরিহার এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের উদ্যোগ স্থান পায়।
কিরগিজস্তানের শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসভের সঙ্গে বৈঠকে নির্মাণ, বস্ত্র, ওষুধশিল্প, ডিজিটাল সেবা, কৃষি ও শিক্ষকতা খাতে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। অন্যদিকে দেশটির বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনমন্ত্রী গুলজাত ইসমাতোভা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো, যৌথ গবেষণা এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দেন।


























