অভিনয় দক্ষতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নজর কাড়ছেন ভারতের জনপ্রিয় চিত্রনায়িকা রাশমিকা মন্দানা। দক্ষিণ ভারতের পিছিয়ে পড়া ও অসহায় পরিবারের নিত্যদিনের খাদ্যের জোগান দিতে তিনি ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামে একটি মানবিক কার্যক্রম শুরু করেছেন। এই প্রকল্পের প্রথম ধাপে দক্ষিণ ভারতের ৪০০টি পরিবারের দৈনন্দিন রেশনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে রাশমিকা তাঁর এই নতুন উদ্যোগের কথা সবাইকে জানান। তিনি জানান, নির্ধারিত এই পরিবারগুলোকে টানা তিন মাস বিনামূল্যে সব ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও মুদিপণ্য দেওয়া হবে। এতে করে নিত্যদিনের খাদ্য বাবদ খরচ সাশ্রয় করে তারা সন্তানদের ভবিষ্যৎ গড়ার কাজে অর্থ সঞ্চয় করতে পারবে। এছাড়া আগামী এক বছর জুড়ে পর্যায়ক্রমে আরও বহু পরিবারকে এই সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে তাঁর।
রাশমিকা জানান, তাঁর আসন্ন চলচ্চিত্র ‘রণবালী’-র চরিত্র ‘জয়ম্মা’-র সঙ্গে নিজের মানসিকতার মিল খুঁজে পেয়েই তিনি এই উদ্যোগ নিতে উৎসাহিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, রূপালি পর্দায় যে চরিত্রে অভিনয় করা হয়, তা কোনো না কোনোভাবে বাস্তব জীবনেও প্রভাব ফেলে। এতদিন নীরবে এসব কাজ করলেও ভক্তরা যেন সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসতে অনুপ্রাণিত হন, সেজন্য এবার বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি।
দীর্ঘদিনের শুটিংয়ের ক্লান্তি ও পরিশ্রম সাধারণ মানুষের মুখের হাসির মাধ্যমে দূর হয়ে যায় উল্লেখ করে রাশমিকা বলেন, এমন একটি ছোট পদক্ষেপ কারও পুরো জীবন বদলে দিতে পারে। এই পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর অনুভূতি তাঁর সব কষ্টকে সার্থক করে তুলেছে।
১৮৭০-এর দশকের ‘গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষ’-এর পটভূমিতে তৈরি ‘রণবালী’ সিনেমায় বিজয় দেবরাকোন্ডার বিপরীতে ‘জয়ম্মা’ চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এটিই বিজয়-রাশমিকা জুটির প্রথম সিনেমা, যেখানে ব্রিটিশ বিরোধী এক বিদ্রোহীর স্ত্রীর ভূমিকায় সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হবে।


























