বাল্যবিয়ে রোধে কেবল প্রশাসনিক কিংবা আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য শিশু ও অভিভাবকদের সচেতন করার পাশাপাশি শিক্ষার বিস্তার ঘটানো সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. রেজাউল ইসলাম।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, সিরাজগঞ্জ অঞ্চলে আগের তুলনায় বর্তমানে বাল্যবিয়ে প্রবণতা কিছুটা কমেছে। জেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকে বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন সময় সময়োপযোগী ও কার্যকর নির্দেশনা দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রধান শিক্ষক রেজাউল ইসলাম দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিশুদের যথাযথ সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তারা নিজেদের সুন্দর ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার সুযোগ পাবে। এ লক্ষ্য অর্জনে শুধু ছাত্র-ছাত্রীদের নয়, বরং অভিভাবকদের মাঝেও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
তাঁর মতে, ছেলে হোক কিংবা মেয়ে—সব শিশুই দেশের ভবিষ্যৎ এবং তাদের সুশিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং একটি সুস্থ ও স্বাভাবিক জীবন উপহার দিতে সমাজের সকল স্তরের মানুষকে বাল্যবিয়ে ও এর কুফলের বিরুদ্ধে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


























