দেশের হোম ও পার্সোনাল কেয়ার খাতের অগ্রগতিতে উন্নত প্যাকেজিং সমাধান, সহজলভ্য কাঁচামাল এবং নীতিসহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা। তাদের মতে, পণ্যের মান বজায় রাখা এবং বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ডের প্রতিযোগিতা সক্ষমতা তৈরিতে আধুনিক প্যাকেজিং বড় ভূমিকা রাখছে।
রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি কনফারেন্স’-এ এসব মতামত তুলে ধরা হয়। এইচপিসি ও রিমস যৌথভাবে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে রিমার্ক এইচবি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও রিমার্ক সুপার প্যাকের প্রধান জয়ন্ত সরকার জানান, কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্যে বিশ্বমানের প্যাকেজিং সেবা দেওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোই তাদের লক্ষ্য। তিনি কাঁচামাল আমদানিতে করের চাপ কমানোর আহ্বান জানান।
সম্মেলনে রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস বাজারে নকল ও নিম্নমানের পণ্য প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। অন্যদিকে উৎপাদন ও বিপণনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেন রিমেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ত্বাহা। নীতিসহায়তা নিশ্চিত হলে ২০৩০ সালের মধ্যে খাতটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


























