নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি চালু করেছে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সংযোগ এবং গৃহস্থালি সামগ্রী পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
শনিবার রাজধানীতে প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর অর্থমন্ত্রী ওয়ালটনের তৈরি সোলার প্যানেল, ইনভার্টার ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ চালিত বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স ঘুরে দেখেন। তিনি বলেন, পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ দেশে বিদ্যুৎ সংকট কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়ক ভূমিকা রাখবে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ইতিমধ্যে নিজস্ব কারখানায় ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশের সুরক্ষায় এই নতুন ইকো-সিস্টেম বড় ধরনের ভূমিকা রাখবে।


























