শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সমন্বিত ‘সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে গৃহস্থালি সরঞ্জাম পরিচালনার পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যোগ করা যাবে। শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব কারখানার ছাদ ও জলাশয়ে স্থাপিত প্রকল্পের মাধ্যমে ওয়ালটন বর্তমানে ৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। নিজস্ব ব্যবহারের পর নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে তারা বছরে গড়ে প্রায় ১১৫০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রতিষ্ঠানটির সোলার হাইব্রিড প্রযুক্তির বিভিন্ন ক্যাটাগরির পণ্য পরিদর্শনের সময় এমন উদ্যোগের প্রশংসা করেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও অন্যান্য পরিচালকরা জানান, বিশ্ববাজারে বাংলাদেশি প্রযুক্তির উৎকর্ষ তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে এই প্রযুক্তি বড় অবদান রাখবে।


























