বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শিল্পবিপ্লব কিংবা ইন্টারনেটের মতো এআইও আমাদের অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতিকে গভীরভাবে প্রভাবিত করছে। এআইয়ের প্রসারের ফলে মানুষের চাকরি হারানোর আশঙ্কা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও, এর সঠিক ব্যবহার ও কার্যকারিতা নিয়ে ভাবার সময় এখনই।
বাংলাদেশ একটি শ্রমনির্ভর দেশ হওয়ায় তৈরি পোশাক, কৃষি ও সেবা খাতের মতো ক্ষেত্রগুলো কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। উন্নত বিশ্বের মতো অন্ধভাবে পূর্ণ স্বয়ংক্রিয়তার পথে না হেঁটে বাংলাদেশের জন্য এআইয়ের মূল দর্শন হওয়া উচিত মানুষের বিকল্প হিসেবে নয়, বরং মানুষের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে এর ব্যবহার নিশ্চিত করা।


























