নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার প্রশাসনিক জটিলতা দূর করা, ঋণ পাওয়ার সুযোগ বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির.
সোমবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সঙ্গীতা আহমেদ।
বাণিজ্যমন্ত্রী জানান, ‘সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থার মাধ্যমে নারী উদ্যোক্তারা এখন থেকে ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স, আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদের মতো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। এতে সরকারি দপ্তরে সরাসরি যাওয়ার ভোগান্তি কমবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের ঋণের পরিমাণ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা মাত্র ৬ শতাংশ সুদে বিতরণ করা হবে।
বৈঠকে বিডব্লিউসিসিআই প্রতিনিধিরা নারী উদ্যোক্তাদের সঠিক পরিসংখ্যানের অভাব, তথ্যের ঘাটতি এবং জেলা পর্যায়ে সমন্বয়ের সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি এবং কেন্দ্রীয় কমপ্লায়েন্স ডেস্ক স্থাপনের দাবি জানান তারা। বাণিজ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এসব দাবি পূরণে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

























