আবাসন খাতকে কেবল বেসরকারি খাতের ওপর ছেড়ে না দিয়ে, সাংবিধানিক দায়িত্ব হিসেবে সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এই তাগিদ দেয়।
আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সই করা বিবৃতিতে দেশের নগর এলাকায় টেকসই নগরায়ণ ও আবাসন নিশ্চিত করতে ৮ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো— সরকারি-বেসরকারি আবাসন প্রকল্পে অন্তত ১০-১৫ শতাংশ জমি বা ফ্ল্যাট নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য বরাদ্দ রাখা এবং বস্তি এলাকার জীবনযাত্রার মানোন্নয়ন করা।
এছাড়া বিবৃতিতে ঢাকামুখী মানুষের চাপ কমাতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, জাতীয় স্থানিক পরিকল্পনা আইনের আওতায় আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং একটি ‘জাতীয় সাশ্রয়ী আবাসন তহবিল’ গঠনের সুপারিশ করা হয়েছে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য সরকারি উদ্যোগে ভাড়াভিত্তিক সামাজিক আবাসন নির্মাণ এবং পরিবেশবান্ধব ব্লক-ইটের ব্যবহার বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।
আইপিডি মনে করে, শুধু ঢাকাকেন্দ্রিক নীতি দিয়ে দেশের আবাসন সংকট দূর করা সম্ভব নয়। ‘জাতীয় আবাসন নীতি ২০১৬’-এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে বড় শহর থেকে শুরু করে প্রান্তিক পৌরসভা পর্যন্ত নাগরিক সুবিধা ও সাশ্রয়ী আবাসন পৌঁছে দেওয়াই টেকসই নগর গড়ার একমাত্র পথ।

























