রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এলাকায় সাময়িক সংস্কার কাজ চলার কারণে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের সহায়তায় এগিয়ে এসেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম. এ. তাইফুল হক।
তিনি ব্যক্তিগত উদ্যোগে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। ডা. তাইফুল হক জানান, সংস্কারকাজের কারণে যেন কোনো গর্ভবতী মা প্রয়োজনীয় টিকা নেওয়া থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
জানা গেছে, প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত মিরপুরের শেওড়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ডা. এম. এ. তাইফুল হকের চেম্বারে এই সেবা দেওয়া হবে। গর্ভবতী মায়েরা সেখানে গিয়ে বিনামূল্যে টিটেনাস ভ্যাকসিন নিতে পারবেন।
এ বিষয়ে ডা. এম. এ. তাইফুল হক বলেন, সংস্কারকাজের জন্য মায়েদের যেন কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সেজন্যই এই সাময়িক উদ্যোগ নেওয়া হয়েছে। একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সংস্কারকাজের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা নিতে গিয়ে গর্ভবতী নারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এই অবস্থায় বিনামূল্যে টিকাদানের এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ডা. তাইফুল হকের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।


























