মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকা এবং জি৭ জোটের পক্ষ থেকে কৌশলগত মজুত থেকে জরুরি তেল বাজারে ছাড়ার কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে। তবে সৌদি আরবের তেল অবকাঠামোতে হুথিদের হামলা অব্যাহত থাকায় লোহিত সাগর ও উপসাগরীয় নৌপথ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট কমে ১০০ ডলার ২৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ কমে ৮৯ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে।
সমুদ্রপথে জাহাজ চলাচলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের পরিমাণ সংঘাত শুরুর আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে। এতে স্পষ্ট যে, নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথগুলো দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, যা বিশ্ববাজারে স্বস্তি এনে দিয়েছে।

























