হৃদরোগের চিকিৎসায় দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তিন দশক আগে যাত্রা শুরু করা এই বিশেষায়িত প্রতিষ্ঠানে এখন শুধু স্থানীয় নয়, দেশের দূরদূরান্ত থেকেও রোগীরা নিয়মিত চিকিৎসা নিতে আসছেন। উন্নত সেবার মান এবং তুলনামূলক কম খরচের কারণে সাধারণ মানুষের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই হাসপাতালটি।
হাসপাতালটিতে হৃদরোগের আধুনিক চিকিৎসার পাশাপাশি ওপেন হার্ট সার্জারি, রিং পরানো এবং পেসমেকার স্থাপনের সুব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে নিউরো মেডিসিন, ক্যানসার চিকিৎসা, কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন ধরনের সার্জারি ও পরীক্ষার সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে সাড়ে তিনশ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করছেন।


























