রাজধানী ঢাকাসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। খুন, মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই এবং জমি দখলের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী এই তরুণেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে পেজ খুলে তারা নিজেদের কার্যক্রম প্রচার করছে, যা অন্য কিশোরদের অপরাধে জড়াতে প্ররোচিত করছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৪৫৩টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে।
পুলিশ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের তথ্য বলছে, ২০০১ সালে উত্তরায় এই সংস্কৃতির সূচনা হলেও বর্তমানে তা বিভাগীয় শহর ছাড়িয়ে জেলা পর্যায়েও বিস্তার লাভ করেছে। অপরাধ বিজ্ঞানীদের মতে, খেলাধুলার মাঠের সংকট এবং রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই মূলত এই কিশোর গ্যাং কালচার শক্তিশালী হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এখন গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাঁড়াশি অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।


























