কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে মাছ ধরা এবং চায়না রিং জাল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার বৈরাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের অনুসারীদের মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয়রা একটি সালিশের আয়োজন করেন। তবে সালিশ শুরুর আগেই গ্রামের একটি মাঠে দুই পক্ষের লোকজন দা, বল্লম ও টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় সংঘর্ষ থামানো হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























