দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর এবং শতভাগ কাগজবিহীন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার জোরালো আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাজধানীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দিকনির্দেশনা দেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত আইসিবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সঞ্চয়কে পুঁজিবাজারের মাধ্যমে বিনিয়োগে নিয়ে আসা এবং অর্থনীতিতে মূলধন জোগান দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে আরও প্রতিযোগিতামূলক ও পেশাদার হতে হবে।
পুঁজিবাজারের প্রযুক্তিগত আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী ঘোষণা দেন যে, বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস ও আইসিসিসহ পুঁজিবাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন নিশ্চিত করা হবে। ‘নো পেপার ট্রানজেকশন, নাথিং পেপার’ নীতির কথা উল্লেখ করে তিনি লিস্টিংয়ের আবেদন ও অনুমোদন প্রক্রিয়াসহ সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার তাগিদ দেন। এছাড়া অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
সাম্প্রতিক নিউইয়র্ক সফরে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী জানান যে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারে গভীর আস্থা প্রকাশ করেছেন এবং প্রাইভেট ফান্ড ও ক্লাইমেট ফান্ডিংয়ের মাধ্যমে দেশে আন্তর্জাতিক মূলধন আসার পরিবেশ তৈরি হচ্ছে। আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























