বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্প কারখানায় ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর ফলে এক লাফে ফার্নেস অয়েলের দাম বেড়েছে ১২ দশমিক ৩১ শতাংশ।
বুধবার বিকেলে বিইআরসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির এই তথ্য জানানো হয়। নির্ধারিত নতুন এই দাম বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা ছিল।
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত বছরের সেপ্টেম্বর মাসে প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ এর মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর ন্যস্ত করা হয়। এরপর থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত দাম সমন্বয় করে আসছে কমিশন।


























