বাংলাদেশ পুলিশের ৬ হাজার ৫৩৯ জন পরিদর্শকের কার্যক্রম নিয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জেরে পুলিশের হাইকমান্ড এই কঠোর পদক্ষেপ নিয়েছে। অধিকতর বিশ্বাসযোগ্য ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা থেকে ইতোমধ্যে এসংক্রান্ত একটি বিশেষ চিঠি দেশের সকল পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে। ডিজিটাল মাধ্যম গুগল ফরমের মাধ্যমে পরিদর্শকদের ব্যক্তিগত তথ্য, প্রশাসনিক দক্ষতা, কর্মস্থলের বিবরণ এবং ইতিপূর্বে কোনো বিভাগীয় শাস্তি পেয়ে থাকলে তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এই চিঠিতে স্বাক্ষর করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে তদন্ত, অভিযান পরিচালনা ও অপরাধ দমনে পরিদর্শকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যেকোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তির ওপর প্রভাব ফেলে। সম্প্রতি বেশ কিছু ঘটনায় সৃষ্ট বিতর্ক এড়াতে এবং বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে এই গোপন তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


























