চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের প্লাস্টার ধসে পড়ে মোহাম্মদ আবুল খায়ের (৫০) নামের এক রোগী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ ছাদের অংশ খসে পড়ায় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
আহত আবুল খায়ের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার আবদুল মান্নানের ছেলে। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছাদের ভারী অংশ তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ধসে পড়া অংশের আশপাশের বেডে থাকা রোগী ও স্বজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ঘিরে রাখা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতাল ভবনটির বয়স খুব বেশি না হলেও বেশ কিছু স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















