দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মানিকগঞ্জ থেকেই প্রথম খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। প্রান্তিক খামারিদের সক্ষমতা বাড়াতে খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের জন্য বাস্তবায়নাধীন ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে খাল খননসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন।
তিনি আরও বলেন, বর্তমান জনবান্ধব সরকার সবসময় ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সচেষ্ট রয়েছে। বিতরণকৃত বকনা বাছুরগুলো খামারিরা সঠিকভাবে লালন-পালন করলে একসময় তারা সফল খামারিতে পরিণত হবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জালেম সরকারকে প্রতিহত করেছে। যারা অতীতে খুন-গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং যাদের মাঝে বিন্দুমাত্র অনুশোচনা নেই, তাদের দেশের জনগণ ছাড় দেবে না। গণতন্ত্র সুরক্ষায় বিএনপি সবসময় আপসহীন সংগ্রাম চালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।






















