ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কোনো প্রকার দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি তথ্য সংগ্রহকারীদের প্রতি নির্দেশ দিয়েছেন, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দিতে হবে।
রোববার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে আয়োজিত এক নির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন।
ডেপুটি স্পিকার তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, “আপনারা তথ্য সংগ্রহ করবেন ছাপরা ঘর থেকে। নিম্নবিত্তদের কাছে যাবেন, অসহায়দের কাছে যাবেন। যার ঘর নেই, তার তথ্য আগে সংগ্রহ করবেন।” তিনি সতর্ক করে বলেন, “সরকার আপনাদের কাজের বিনিময়ে একটি ভাতা দিচ্ছে। এর বাইরে গিয়ে যদি স্বজনপ্রীতি করেন বা দুর্নীতি করেন, তবে দুটিই সমান অপরাধ হিসেবে গণ্য হবে।”
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সরকারি সুবিধা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, প্রথম দিকে কলমাকান্দায় যারা ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করেছিলেন, তাদের মধ্যে সততার অভাব ছিল। এ কারণেই এবার তথ্য সংগ্রহের কাজে নিয়োজিতদের সঙ্গে সরাসরি বসে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার দিতে হবে। পাকা দালানের মালিক বা সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত না করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করতে হবে। সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো প্রভাব বিবেচনায় না নেওয়ার কথাও জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।






















