বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও টেকসই আবাসন সুবিধা নিশ্চিত করতে সহজ শর্তে ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্পের আওতায় প্রথাগত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণবঞ্চিত অপ্রাতিষ্ঠানিক আয়ের পরিবারগুলোকে বাড়ি নির্মাণ, মেরামত ও মানোন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি ও জামানতবিহীন ক্ষুদ্রঋণ দেওয়া হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং যোগ্য ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই তহবিল পরিচালিত হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর চিয়াংফেং ঝাং জানান, এই উদ্যোগ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এই প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা এলাকার অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা এই সুবিধার আওতায় আসবেন। প্রকল্পের আওতায় ঋণগ্রহীতাদের স্বামী বা স্ত্রীর আবাসিক বন্দোবস্তের নথিপত্রের মাধ্যমে নারীদের আবাসন নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এছাড়া দেশজুড়ে আবাসন খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়াতে নকশা, নির্মাণ এবং দুর্যোগ প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে যুক্ত করা হবে, যাতে এসব বাড়ি বন্যা, ঘূর্ণিঝড় ও চরম তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবিলা করতে পারে। মোট ১০ কোটি ডলারের এই অর্থায়নের মধ্যে জলবায়ু অভিযোজন তহবিল থেকে ৪ কোটি ডলার এবং কারিগরি সহায়তা হিসেবে ৬ লাখ ডলার অনুদান দেওয়া হচ্ছে।


























