ছেলের চিকিৎসা এবং ব্যবসার মালামাল কেনার জন্য ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর মৃধা (৫৫) ও তার ছেলে অনিক মৃধা (১৪) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের বাসিন্দা। আবু জাফর মৃধা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং অনিক মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে যাওয়ায় চালক ও হেলপার তা মেরামতের কাজ করছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১৫ থেকে ২০ জন যাত্রী। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























