জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি চার দিনের সফল নিউইয়র্ক সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, এই সফরকালে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট সমাধান এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু অত্যন্ত সফলভাবে তুলে ধরা হয়েছে।
সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের মূল কর্মসূচির পাশাপাশি সাইডলাইনে উচ্চপর্যায়ের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে জেপি মরগান চেজ আয়োজিত প্রাতরাশ বৈঠকে দেশের বিভিন্ন খাতের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও ফলপ্রসূ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশে গণতান্ত্রিক ধারা সুসংহত করার বিষয়গুলোতে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।






















