খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন খুলনায় এবং ১ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় খুলনায় ১৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে এই বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির ক্ষেত্রে খুলনা জেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী দেখা গেছে। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরা জেলায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, বছরের শুরু থেকে খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার অতিক্রম করেছে এবং বর্তমানে এক হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


























