ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন পাঁচটি কনটেইনার ক্যারিয়ার ট্রাকের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজারে অবস্থিত ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক এই ট্রাকগুলোর উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত সংস্কার কার্যক্রম ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে অতিবৃষ্টির পরেও বর্তমানে ঢাকা উত্তর এলাকার কোথাও আর স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় না। বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ করে এসটিএসের (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে এই পাঁচটি ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও ১০টি নতুন ট্রাক বহরে যুক্ত করা হবে। বর্তমানে ডিএনসিসির পক্ষ থেকে প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০টি গাড়ির সাহায্যে ঢাকা শহরের চার হাজার টন বর্জ্য সফলভাবে অপসারণ করা হচ্ছে। নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক শহর উপহার দিতে ডিএনসিসি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।






















