পলাতক ফ্যাসিস্ট ভারতে অবস্থান নিয়ে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এবং দেশের ভেতরে থাকা কিছু ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ বাহিনী সেই চক্রান্তে সায় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ অশুভ শক্তিগুলো এই ষোড়যন্ত্রকে বাস্তবায়ন করতে আড়ালে থেকে বাতাস দিচ্ছে। দেশে পরিকল্পিত সন্ত্রাস এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, বিদ্যমান সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি কিউবার মতো দেশেও টানা ১০ থেকে ১৫ দিন বিদ্যুৎ থাকছে না বলেও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক তেল সরবরাহ রুট ও বৈশ্বিক সংকট পর্যালোচনা করে রিজভী বলেন, পৃথিবীর মোট জ্বালানি ও তেলবাহী জাহাজের আনুমানিক ১৫ শতাংশ (বা এক-পঞ্চমাংশ) যাতায়াত করে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। সেখানে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে কী ধরনের সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে এর কী প্রভাব পড়ছে—বিরোধী দলগুলো তা দেখতে পাচ্ছে না বা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করেন তিনি।






















