প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকটের দ্রুত নিরসন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাইডলাইন বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে অংশীদারত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোকপাত করেন।




















