রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে ছয় দিন এবং তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে আসামিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং পলাতক অন্য আসামিদের চিহ্নিত করতে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেন, আসামির বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি ও আর্থিক সহায়তার অভিযোগ রয়েছে। গত ২১ সেপ্টেম্বর গুলশান-২ এলাকার একটি বাসা থেকে মিতা ও তার চালককে গ্রেপ্তার করা হয়েছিল।


























