গ্রাহকসেবার মানোন্নয়ন ও ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক এবং দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। রূপালী ব্যাংকের পক্ষে চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং গ্রামীণফোনের পক্ষে ঢাকা সাউথের হেড অব এমার্জিং অ্যাকাউন্টস হিমাদ্রি শেখর দাস চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ডিজিটাল রূপান্তর ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























