আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়া সত্ত্বেও দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমান অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় দুই দফা জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে চরম সংকট তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যাত্রী কল্যাণ সমিতির মতে, সংকটাপন্ন জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা সরকারের দায়িত্বশীলতার পরিচয় নয়। ভর্তুকি কমিয়ে অর্থনীতি সচল রাখার পরিবর্তে জনস্বার্থে জ্বালানি খাতে ভর্তুকি বজায় রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


























