বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে যেতে এবং উভয় দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো জোরদার করতে একমত হয়েছে ঢাকা ও আঙ্কারা। প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অ্যাভিয়েশনসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও দুই দেশ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়।
তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে স্থানীয় সময় সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশের সরকারপ্রধানের মধ্যে অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক আলোচনা হয়েছে। দুই নেতাই মনে করেন, দুই দেশের বর্তমান সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছাল।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিশেষ করে সামরিক খাত এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশে একটি ‘ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক’ গড়ে তোলার সম্ভাব্যতা নিয়ে ফলপ্রসূ কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মুসলিম বিশ্বের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিরসনে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে।
জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তুর্কি প্রেসিডেন্ট হাতেগোনা কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠকে বসেন, যার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যতম। বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বস্ত ভাই ও বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও তুর্কি প্রেসিডেন্ট ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের জন্য সাদর আমন্ত্রণ জানান। এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকেই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের পারস্পরিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সফর বৃদ্ধি পেয়েছে।


























