দুই ব্যক্তির মধ্যেকার ব্যক্তিগত বা সামাজিক বিরোধ যখন চরমে পৌঁছায়, তখন প্রায়শই দেখা যায় গালিগালাজের মাধ্যমে প্রতিপক্ষকে হেয় করার চেষ্টা করা হয়। তবে এই অপমানের ধারায় প্রায়শই টেনে আনা হয় এমন এক নারীকে, যিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন – তিনি হলেন প্রতিপক্ষের মা, বোন বা পরিবারের অন্য কোনো নারী সদস্য। এই অশালীন ভাষা শুধু পুরুষদের মুখেই নয়, নারীদের মুখেও শোনা যায়।
সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে ঘিরে একটি ঘটনা এই পুরনো বিতর্কটিকে নতুন করে সামনে এনেছে। গত ৫ নভেম্বর একটি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে পরীমণি ওই সাংবাদিকের মাকে জড়িয়ে প্রকাশ্যেই অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যার হুমকিও দেন। এই ঘটনাটি আবারও এই প্রশ্নটি তুলেছে – যখন বিরোধ কেবল দুজন মানুষের মধ্যে, তখন কেন পরিবারের নারীরা অপমানের লক্ষ্যবস্তু হন? এটি কি কেবল ভাষার একটি অভ্যাসে পরিণত হয়েছে, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?
ভাষা ও সমাজে নারীর অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, মা-বোনকে নিয়ে প্রচলিত গালিগুলো কেবল অশালীন শব্দের ব্যবহার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে যৌনতা, ক্ষমতা এবং পরিবারের সম্মানের সঙ্গে নারীর মর্যাদাকে যুক্ত করে দেখার প্রবণতা। এই গালিগুলো নারীর সম্মান এবং মর্যাদাকে সরাসরি আঘাত করে, যা সমাজে বিদ্যমান লিঙ্গবৈষম্যেরই প্রতিফলন ঘটায়।
এই প্রবণতা কেবল বাংলা ভাষাতেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতেও এ ধরনের গালির প্রচলন রয়েছে। ২০২৪ সালে ‘বিহেভিয়ার রিসার্চ মেথডস’ সাময়িকীতে প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় বিভিন্ন ভাষায় প্রচলিত গালি ও সামাজিকভাবে নিষিদ্ধ শব্দ বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণায় দেখা যায়, ১৭টি দেশের ১৩টি ভাষার উপর পরিচালিত সমীক্ষায় অংশগ্রহণকারীদের কাছ থেকে সংগৃহীত গালিগুলোর একটি উল্লেখযোগ্য অংশ যৌনতা, যৌনাঙ্গ এবং যৌন পরিচয়কে কেন্দ্র করে তৈরি। এতে আরও দেখা যায়, বিভিন্ন ভাষায় বহুল ব্যবহৃত অপমানসূচক শব্দের মধ্যে নারীর যৌনাঙ্গ নির্দেশক শব্দ, নারীর যৌন আচরণকে হেয় করার শব্দ এবং যৌনক্রিয়াসংক্রান্ত গালি বিশেষভাবে উল্লেখযোগ্য।






















