দেশের পোশাক শিল্পাঞ্চলে চলমান তীব্র শ্রমিক অসন্তোষের জেরে ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক কাজ ছেড়ে কারখানা থেকে বেরিয়ে গেছেন। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এই তথ্য জানা গেছে।
বিজিএমইএর তথ্যমতে, রোববার বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৮১৬টি খোলা ছিল।
বিজিএমইএ প্রদত্ত তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আওতাধীন মিরপুর এলাকায় ৩২০টি কারখানার মধ্যে ৬৮টি কারখানার ৫১ হাজার ৬২৫ জন শ্রমিক কাজ না করে বেরিয়ে গেছেন। গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৩৬টি কারখানার মধ্যে ২৭৬টির ৬ লাখ ৪৫ হাজার ৩৬০ জন শ্রমিক কর্মবিরতি দিয়ে কারখানা ত্যাগ করেছেন।
এছাড়া, সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ১৮৫টি থেকে ২ লাখ ৯০ হাজার ২০৫ জন শ্রমিক কাজ না করে বেরিয়ে গেছেন। নারায়ণগঞ্জ এলাকায় ১৯৭টি এবং চট্টগ্রাম এলাকায় ৩৪০টি কারখানার তথ্যও বিজিএমইএ সরবরাহ করেছে। তবে এই দুই অঞ্চলের কাজ ছেড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
বিজিএমইএর সারসংক্ষেপ অনুযায়ী, সংগঠনটির আওতাধীন মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৮১৬টি খোলা ছিল। এই কারখানাগুলোর মধ্যে সোমবার শ্রম অসন্তোষের কারণে ৫২৯টি বন্ধ হয়ে যায়।


























