স্বাধীনতার পর গত পাঁচ দশকে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে অর্থনীতির আকার বাড়লেও কর-জিডিপি অনুপাত এখনো কাঙ্ক্ষিত স্তরে উন্নীত হয়নি, যা রাজস্ব ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের একটি প্রতিবেদনে অর্থনীতির দীর্ঘমেয়াদী এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৭২ সালে জিডিপিতে একক খাত হিসেবে কৃষির অবদান ৪৯.৮ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে ১২ শতাংশের কাছাকাছি নেমে এসেছে। অর্থাৎ পাঁচ দশকে কৃষির অবদান প্রায় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, একই সময়ে শিল্পখাতের অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৩৪ শতাংশে উন্নীত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কৃষির জিডিপির হার কমলেও দেশের অর্থনীতিতে এ খাতের গুরুত্ব অপরিসীম। খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের কথা মাথায় রেখে কৃষিখাতের আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।


























