স্মার্টফোনে নিরাপত্তা বাড়াতে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে গিয়ে অনেকেই অনিচ্ছাকৃতভাবে ভুয়া বা ছদ্মবেশী অ্যাপের ফাঁদে পড়ছেন, যা ডেটা চুরি ও সাইবার প্রতারণার ঝুঁকি বাড়াচ্ছে।
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ ডাউনলোড এখন নিত্যদিনের বিষয়। নিরাপত্তা নিশ্চিত করতে অনেকেই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করেন। তবে অসচেতন হলে এই অ্যান্টিভাইরাসই হতে পারে বিপদের কারণ। কারণ, জনপ্রিয় সফটওয়্যারের নামে বাজারে রয়েছে অসংখ্য নকল ও থার্ড-পার্টি অ্যাপ, যেগুলো দেখতে আসলের মতো হলেও ভেতরে লুকিয়ে থাকে ম্যালওয়্যার।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোডের আগে সবার আগে ডেভেলপারের পরিচয় যাচাই করা জরুরি। একই নামের একাধিক অ্যাপ দেখা গেলে ডেসক্রিপশন, লোগো ও প্রকাশকের নাম ভালোভাবে মিলিয়ে দেখা উচিত। বিশেষ করে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের ক্ষেত্রে রিভিউ, রেটিং ও ডাউনলোড সংখ্যার দিকে নজর দিলে নকল অ্যাপ শনাক্ত করা সহজ হয়।
অ্যাপটি কবে প্রকাশ হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। খুব নতুন কোনো অ্যাপ যদি নিজেকে জনপ্রিয় অ্যান্টিভাইরাস দাবি করে, তাহলে সেটি সন্দেহজনক হতে পারে। পাশাপাশি অ্যাপের স্ক্রিনশট ও ইন্টারফেসে অস্বাভাবিক কিছু চোখে পড়লে তা এড়িয়ে যাওয়াই নিরাপদ।
আরেকটি বড় সতর্কতার জায়গা হলো পারমিশন। অ্যান্টিভাইরাস অ্যাপ অকারণে ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, ফোনকল বা কন্টাক্ট অ্যাক্সেস চাইলে সেটিকে ভুয়া হিসেবে ধরে নেওয়া যেতে পারে। নিরাপত্তা সফটওয়্যারের এসব অনুমতির প্রয়োজন সাধারণত থাকে না।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে গুগলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা প্লে প্রটেক্ট ব্যবহার করে ডিভাইস সুরক্ষিত রাখতে পারেন। প্লে স্টোর অ্যাপের প্রোফাইল আইকনে গিয়ে প্লে প্রটেক্ট অপশনে ট্যাপ করে স্ক্যান ফিচার চালু করলে সন্দেহজনক অ্যাপ শনাক্ত করা সম্ভব। একই সঙ্গে ডিভাইসটি প্লে প্রটেক্ট সার্টিফায়েড কিনা সেটিংস থেকে যাচাই করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নকল অ্যাপে প্রায়ই বানান ও ব্যাকরণগত ভুল থাকে। অ্যাপের বিবরণে অতিরিক্ত ভুল, অপ্রাসঙ্গিক তথ্য বা অতিরঞ্জিত নিরাপত্তা দাবি থাকলে সেটিকে সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত। কারণ, স্বনামধন্য ডেভেলপাররা সাধারণত এমন ভুল করে না।
সঠিক উৎস থেকে যাচাই-বাছাই করে অ্যান্টিভাইরাস ইনস্টল করাই স্মার্টফোন নিরাপত্তার প্রথম শর্ত—এতে ডিভাইস যেমন সুরক্ষিত থাকে, তেমনি ব্যক্তিগত তথ্যও থাকে নিরাপদ।
















