ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) সম্প্রসারণ প্রকল্পের ম্যানেজমেন্ট কনসালট্যান্টস (পিএমসি) নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে বহুল বিতর্কিত এক অনিয়মের ঘটনা উঠে এসেছে। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে একটি নির্দিষ্ট পক্ষকে কাজ পাইয়ে দেওয়ার চক্রান্তের কারণে এই পরিস্থিতি তৈরি হয়। বিগত সরকারের আমলের সুবিধাভোগী কতিপয় কর্মকর্তা পারস্পরিক যোগসাজশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও অভিজ্ঞ কোম্পানিগুলোকে প্রাথমিক বাছাইয়ে বাদ দিয়ে মাত্র ছয়টি কোম্পানির একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন এবং অত্যন্ত কম সময়ের মধ্যে প্রস্তাবনার অনুরোধপত্র পাঠান।
প্রকল্পের বিনিয়োগকারী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত সরকার নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করতে বাধ্য হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সংশ্লিষ্ট স্মারকে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং প্রতিযোগিতার সুযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনায় প্রকল্পের মূল কাজ শুরু হওয়া আরও দীর্ঘায়িত হলো, যার ফলে ১৩ বছরেও শেষ হয়নি এর মূল কার্যক্রম এবং প্রকল্প ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা থেকে বেড়ে ৩১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।


























