ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আড়ুয়াশলুয়া গ্রামের একটি সড়ক দীর্ঘ দিনেও পাকা না হওয়ায় ১০ থেকে ১২টি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাধীনতার সুদীর্ঘ সময় পরেও রাস্তাটি সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্যমতে, বর্ষাকালে কাদাপানি আর শুষ্ক মৌসুমে খানাখন্দের কারণে এই কাঁচা সড়কে চলাচল করা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ধান, গম ও অন্যান্য ফসল মাঠ থেকে বাড়ি আনতে অতিরিক্ত পরিবহন খরচ গুণতে হচ্ছে।
স্থানীয়রা বহুবার জনপ্রতিনিধিদের আশ্বাসের পরেও কোনো সুফল পাননি। দ্রুত রাস্তাটি টেকসইভাবে পাকাকরণ করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন।






















