সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি–র সমাধিস্থল হিসেবে যে ছবিটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
ডিসি তালেবুর রহমান জানান, উক্ত ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে, যার লক্ষ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। বাস্তবে হাদির সমাধিস্থল যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে এবং সেখানে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার ঘটনা ঘটেনি।
ডিএমপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও ছবি যাচাই না করে বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করা হয়েছে।
















