নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে নুরুজ্জামান মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হলে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র মতে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেটপরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি থেকে বাঁচতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই দুই যুবক মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে। এ সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। সন্ত্রাসী হামলায় শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


























