মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূকে (২৩) অস্ত্রের মুখে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর তাঁর শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে বলধারা ইউনিয়নের একটি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন ওই গৃহবধূ। এ সময় ওত পেতে থাকা পাঁচজন মুখবাঁধা দুর্বৃত্ত তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে এক স্বজনের কৃষি জমির ড্রেনে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাঁক প্রায় এক ঘণ্টা ধরে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ওড়না ও কাপড় দিয়ে তাঁর হাত-পা বেঁধে জমির আইলে ফেলে রাখা হয় এবং চলে যাওয়ার সময় চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁক উদ্ধার করেন এবং পানি দিয়ে শরীরে থাকা মরিচের গুঁড়া পরিষ্কার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং স্থানীয় ভাষায় কথা বলা ১৫ থেকে ২৫ বছর বয়সী অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


























